দশম জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিন ছিল গতকাল শুক্রবার। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মনোনয়ন বাতিল হওয়ায় ১৪টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের নির্বাচিত ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
কিশোরগঞ্জ: কিশোরগঞ্জ-১ আসনে জাপার মোস্তাইন বিল্লাহর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের সৈয়দ আশরাফুল ইসলাম এখন একমাত্র প্রার্থী।
চট্টগ্রাম: চট্টগ্রাম-৭ আসনে অন্য দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় হাছান মাহমুদ একক প্রার্থী।
ভোলা: ভোলা-১ আসনে জাপা প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় এখন একক প্রার্থী তোফায়েল আহমেদ।
রাজশাহী: জাপার প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল ও স্বতন্ত্র প্রার্থী আবু ইউসুফ সেলিমের মনোনয়নপত্র বাতিল হওয়ায় রাজশাহী-৪ আসনে এনামুল হক নির্বাচিত হতে যাচ্ছেন।
সিরাজগঞ্জ: জাপার প্রার্থী মো. জাকির হোসেনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় সিরাজগঞ্জ-৩ আসনে একমাত্র প্রার্থী ইসাহাক হোসেন তালুকদার।
ফেনী: ফেনী-২ আসনে জয়নাল হাজারীর মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের নিজাম উদ্দিন হাজারীর সাংসদ নির্বাচিত হওয়া এখন সময়ের ব্যাপার।
নাটোর: এক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ও একজন প্রত্যাহারের আবেদন করায় আওয়ামী লীগের জুনাইদ আহমেদ বিজয়ী হতে যাচ্ছেন।
ফরিদপুর: ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের আবদুর রহমান ও ফরিদপুর-৩ আসনে খন্দকার মোশাররফ হোসেন একক প্রার্থী।
নোয়াখালী: নোয়াখালী-৫ আসনে ওবায়দুল কাদের ও নোয়াখালী-২ আসনের মোরশেদ আলম এখন একক প্রার্থী।
গাজীপুর: গাজীপুর-২ আসনে জাতীয় পার্টির প্রার্থীসহ তিনজনের মনোনয়নপত্র বাতিল হওয়ায় আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল একক প্রার্থী।
নারায়ণগঞ্জ: প্রতিদ্বন্দদ্বী প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহারের আবেদন করায় নারায়ণগঞ্জ-৪ ও নারায়ণগঞ্জ-২ আসনে যথাক্রমে শামীম ওসমান ও সাংসদ নজরুল ইসলাম বাবু নির্বাচিত হতে যাচ্ছেন।