বিএনপির নেতা ও সাবেক মন্ত্রী আবদুল আলীমের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম
সাক্ষীর সাক্ষ্য গ্রহণের জন্য ১৩ মে (সোমবার) দিন পুনর্নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-২ গতকাল বুধবার এ দিন ধার্য করেন। গতকাল
ছিল এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৯তম সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ধার্য দিন। শারীরিক কারণে জামিনে থাকা আলীম
ট্রাইব্যুনালে হাজির ছিলেন। তবে ট্রাইব্যুনাল বলেন, ট্রাইব্যুনাল আগামীকাল (আজ বৃহস্পতিবার) কামারুজ্জামানের
বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় দেবেন। তাই তাঁদের কিছু কাজ রয়েছে। এ জন্য এ মামলার
কার্যক্রম ১৩ মে পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।
এ মামলায় রাষ্ট্রপক্ষের ১৮তম সাক্ষী মোস্তাফিজুর রহমানের সাক্ষ্য গ্রহণ শেষ হয় গত মঙ্গলবার।