রাজশাহীতে গতকাল শুক্রবার বিকেলে ‘দেখব আমি জগৎটাকে’ শীর্ষক দুই দিনব্যাপী আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। দেশের প্রথম নারী এভারেস্টজয়ী নিশাত মজুমদারের এভারেস্টে আরোহণ, অভিযাত্রী তারেক অনুর উত্তর মেরু ও তানভীর অপুর আইসল্যান্ডের বিচিত্র ভূ-প্রকৃতির আলোকচিত্র প্রদর্শনীতে স্থান পায়। নগরের বড়কুঠি উন্মুক্ত মঞ্চে রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে রাজশাহী-৪ আসনের সাংসদ এনামুল হক, বাংলাদেশ বার্ড ক্লাবের প্রতিষ্ঠাতা ইনাম আল হক, নিশাত মজুমদার প্রমুখ উপস্থিত ছিলেন।