বিদেশে অবস্থানরত আসামিদের (বাংলাদেশের নাগরিক) বিচারের মুখোমুখি করার জন্য তাদের দেশে ফিরিয়ে আনার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে আইনমন্ত্রীর নেতৃত্বে ১০ সদস্যের টাস্কফোর্স গঠন করেছে সরকার।
মন্ত্রিপরিষদ বিভাগ ২০ মার্চ এ বিষয়ে আদেশ জারি করলেও গতকাল বৃহস্পতিবার সেটি প্রকাশ করে। টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, অ্যাটর্নি জেনারেল, স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক, আইনসচিব, পররাষ্ট্রসচিব ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার মহাপরিচালক। টাস্কফোর্সকে সাচিবিক সহায়তা দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
এই টাস্কফোর্স বিদেশে অবস্থানরত আসামিদের তালিকা প্রণয়ন করে তাদের অবস্থান চিহ্নিত করবে। পাশাপাশি তাদের ফিরিয়ে আনার উপায় নির্ধারণ ও ফেরত আনার কাজ তদারকি করবে। এ ছাড়া কোনো আসামি ইতিমধ্যে বিদেশে নাগরিকত্ব গ্রহণ করে থাকলে তাকেও কীভাবে ফিরিয়ে আনা যায়, সেটিও নির্ধারণ করবে টাস্কফোর্স।