প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিমের জন্মশতবর্ষ উদ্যাপন উপলক্ষে ১০১ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি করা হয়েছে। শনিবার রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকার একটি বইয়ের দোকানে এক সভা হয়। সেখানে সর্বসম্মতিক্রমে কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শুভেন্দু ইমামকে আহ্বায়ক এবং গবেষক সুমনকুমার দাশকে সদস্যসচিব করে কমিটি করা হয়। এই কমিটি আগামী বছরের ১২ ফেব্রুয়ারি থেকে চার দিনব্যাপী কর্মসূচি পালন করবে। এসব কর্মসূচিতে দেশ-বিদেশের প্রখ্যাত লেখক, গবেষক ও বাউলেরা উপস্থিত থাকবেন।