নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় গতকাল বুধবার যাত্রীবাহী বাসের ধাক্কায় এক কলেজছাত্রী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও ১০টি যানবাহন ভাঙচুর করেছে। এ সময় ঢাকা-সিলেট মহাসড়কে দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এতে তীব্র যানজট সৃষ্টি হয়।পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকাল ১০টার দিকে পাঁচরুখী এলাকায় রাস্তা পার হচ্ছিল আড়াইহাজারের বেগম আনোয়ারা কলেজের প্রথম বর্ষের ছাত্রী অরিন (১৭)। এ সময় দ্রুতগামী একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।