রাজবাড়ী সদর উপজেলায় প্রায় আড়াই কেজি সোনাসহ দুই ভারতীয়কে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে তাঁদের আটক করা হয়।
আটক হওয়া ব্যক্তিরা হলেন জিতেন্দ্রার সিং (২৬) ও মনমোহন সিং। তাঁদের প্রথমজনের বাড়ি ভারতের দিল্লি ও দ্বিতীয়জনের বাড়ি পাঞ্জাব রাজ্যে।
রাজবাড়ী ডিবির উপপরিদর্শক (এসআই) সেতাব আলী খান বলেন, গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে নিয়মিত তল্লাশি চালানো হয়। এ সময় বেনাপোল থেকে ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস থেকে দুই কেজি ৪০০ গ্রাম সোনা উদ্ধারসহ দুই ভারতীয়কে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।