জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ১৮ জন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুকে মনোনয়ন দিয়েছে। বর্তমান সংসদে তাঁদের মধ্যে আছেন ১৭ জন। নতুন যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল। একটি আসনে প্রার্থী পরিবর্তন হয়েছে।
অসীম কুমার উকিল নেত্রকোনা-৩ আসনে মনোনয়ন পেয়েছেন। এই আসনের বর্তমান সাংসদ ইখতিয়ার উদ্দিন তালুকদার মনোনয়ন পাননি।
অন্যদিকে নেত্রকোনা-১ আসনে বর্তমান সাংসদ ছবি বিশ্বাসের পরিবর্তে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি মানু মজুমদার। ছবি বিশ্বাসের আপন ছোট বোনের স্বামী মানু মজুমদার।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ খুলনা-৫, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার মাগুরা-২ এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উ শৈ সিং বান্দরবান আসনে মনোনয়ন পেয়েছেন। সাবেক পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়ন পেয়েছেন।
মনোনয়ন পাওয়া অন্যরা হচ্ছেন মনোরঞ্জন শীল গোপাল (দিনাজপুর-১), সাধন চন্দ্র মজুমদার (নওগাঁ-১), রনজিত কুমার রায় (যশোর-৪), স্বপন ভট্টাচার্য (যশোর-৫), পঞ্চানন বিশ্বাস (খুলনা-১), ধীরেন্দ্র দেবনাথ শম্ভু (বরগুনা-১), পঙ্কজনাথ (বরিশাল-৪), মৃণাল কান্তি দাস (মুন্সিগঞ্জ-৩), জয়া সেনগুপ্তা (সুনামগঞ্জ-২) এবং জুয়েল আরেং (ময়মনসিংহ-১)।
পার্বত্য চট্টগ্রামের অন্য দুই জেলার দুটি আসনেও আওয়ামী লীগের প্রার্থী অপরিবর্তিত আছে। প্রার্থীরা হচ্ছেন কুজেন্দ্র লাল ত্রিপুরা (খাগড়াছড়ি) ও দীপঙ্কর তালুকদার (রাঙামাটি)।