ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামী লীগের মেয়র প্রার্থী বর্তমান মেয়র তাকজিল খলিফার দুটি নির্বাচনী ক্যাম্প গতকাল বৃহস্পতিবার ভেঙে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মঈনউদ্দিন ইকবাল ওই আদালত পরিচালনা করেন।
কয়েকজন প্রত্যক্ষদর্শী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গতকাল রাত সাতটার দিকে থেকে পৌর এলাকার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন। এ সময় রেলওয়ে উচ্চবিদ্যালয় ও দেবগ্রাম-তারাগন সেতুর সামনে প্যান্ডেল করা তাকজিল খলিফার দুটি নির্বাচনী কার্যালয় ভেঙে দেওয়া হয়। এ ছাড়া মসজিদপাড়ায় ফায়ার সার্ভিসের সামনে একটি দোকানে করা একই প্রার্থীর কার্যালয় বন্ধ করে দেওয়া হয়। অভিযানের সময় সহকারী রিটার্নিং কর্মকর্তা ও আখাউড়া থানার পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।