আ.লীগ বাঁকা পথে ক্ষমতায় থাকতে চায়: মোশাররফ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, আওয়ামী লীগ বাঁকা পথে ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে চাইছে। সরকারকে তিনি হুঁশিয়ার করেন, গায়ের জোরে ক্ষমতায় থাকতে গেলে যে সংঘাত ও বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তার দায় তাদেরই বহন করতে হবে। গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় খন্দকার মোশাররফ এসব অভিযোগ করেন। গ্রেপ্তার হওয়া বিএনপির নেতাদের মুক্তির দাবিতে ‘নব্বইয়ের ডাকসু ও সর্বদলীয় ছাত্র-ঐক্য’ এ আলোচনা সভার আয়োজন করে।সংগঠনের সভাপতি খায়রুল কবীরের সভাপতিত্বে খন্দকার মোশাররফ বলেন, আওয়ামী লীগ পঁচাত্তরের মতো গণতন্ত্রের পথ রুদ্ধ করে বাকশালের পথে হাঁটছে।আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তার ও প্রেস বন্ধ করে দেওয়ার সমালোচনা করেন তিনি।