জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) নির্বাহী পরিচালক বাবাটুন্ডে ওসোতিমেহিন আজ সোমবার ঢাকায় আসছেন। তিনি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল পদমর্যাদার কর্মকর্তা।গতকাল রোববার ঢাকায় ইউএনএফপিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁর এ সফরের কথা জানানো হয়েছে। ২০১১ সালের জানুয়ারিতে নিয়োগ পাওয়ার পর এটি তাঁর তৃতীয়বারের মতো ঢাকা সফর। এই সফরে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এ ছাড়া তরুণ, নাগরিক সমাজ এবং জাতিসংঘের উন্নয়ন অংশীদার ও গণমাধ্যমের সঙ্গে সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য-৫-এর (এমডিজি) অর্জন, মাতৃস্বাস্থ্য, জনসংখ্যা, পরিবার পরিকল্পনা এসব নিয়ে তিনি বৈঠক করবেন।