জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ করেছেন এক নারী শিক্ষক। গত সোমবার উপজেলার তেঘরিয়া সাহেদ আলী হাই স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
ওই শিক্ষক অভিযোগ করেন, কেন্দ্রের সীমানার বাইরে একটি কাপড়ের দোকানে তিনি বসে ছিলেন। হঠাৎ সেখানে ইউএনও ঢুকে তাঁকে চড় মারেন ও দোকান থেকে বের হওয়ার চেষ্টা করলে কাপড় টেনে ধরেন। পরে তিনি মুঠোফোনে ছবি তোলেন।
অভিযোগ অস্বীকার করে মোহাম্মদ কামরুজ্জামান বলেন, ওই শিক্ষিকা নকল সরবরাহ করছিলেন। এ সময় তাঁর ছবি তুলে সতর্ক করা হয়। চড়-থাপ্পড় বা লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি।
ঘটনার প্রত্যক্ষদর্শী আমজাদ হোসেন বলেন, ইউএনও ওই শিক্ষিকাকে সবার সামনে রাস্তায় দাঁড় করিয়ে একজন পুলিশ সদস্যকে ডেকে এনে মাথার কাপড় সরিয়ে মুঠোফোনে ছবি তোলেন।