প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্যসচিব আবদুস সোবহান সিকদারকে ইতালিতে বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল সোমবার সরকারি তথ্য বিবরণীতে এ কথা বলা হয়েছে।
সোবহান সিকদার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্যসচিব হওয়ার আগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, স্বরাষ্ট্র, নৌ-পরিবহন এবং পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব হিসেবেও দায়িত্ব পালন করেন।
বিসিএস ক্যাডারের সাবেক কর্মকর্তা আবদুস সোবহান সিকদার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর
ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাজ্যের ম্যানচেস্টার ইউনিভার্সিটি থেকে উন্নয়ন প্রশাসন বিষয়ে ডিপ্লোমা করেন।