ইভ টিজিংয়ের দায়ে কাপ্তাইয়ে চারজনকে জরিমানা

ইভ টিজিংয়ের দায়ে রাঙামাটির কাপ্তাই উপজেলার চার যুবককে সাত হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী হাকিম মো. নুরুজ্জামান এ রায় দেন।স্থানীয় একটি বিদ্যালয়ের সাবেক শিক্ষিকা ও তাঁর এক কলেজপড়ুয়া মেয়ের লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউএনওর কার্যালয়ে বিচারিক আদালতে ওই রায় দেওয়া হয়।সাজাপ্রাপ্ত যুবকেরা হলেন: আবদুল্লাহ আল মামুন, মো. ইমরান, আবদুর রহমান ও আসাদুজ্জামান। তাঁরা আদালতে দোষ স্বীকার করেন। ইউএনও মো. নুরুজ্জামান প্রথম আলোকে বলেন, ওই চার যুবককে বিভিন্ন হারে আর্থিক জরিমানা ও তা অনাদায়ে ১৫ দিনের বিনা শ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। অভিযুক্তরা আর্থিক জরিমানা এবং ভবিষ্যতে আর কখনো এ ধরনের অপরাধ না করার লিখিত অঙ্গীকার দিয়ে ছাড়া পান।