চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রঘুনাথপুর এলাকায় পদ্মা নদী থেকে ইলিশ মাছ ধরার সময় গত রোববার সন্ধ্যায় নয়টি ট্রলার আটক করেছে বিজিবি। এ সময় নয়টি কারেন্ট জাল জব্দ করা হয়। ট্রলারগুলো থেকে দুই মণ ইলিশ পাওয়া যায়। চাঁপাইনবাবগঞ্জে ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, রঘুনাথপুর সীমান্ত এলাকার পদ্মা নদীতে অভিযান চালিয়ে ইলিশ মাছসহ ট্রলারগুলো আটক করা হয়। তবে এ সময় কেউ আটক হননি। পরে সোমবার সকালে ইলিশ মাছগুলো সদর উপজেলার ইউনুছ মোল্লা এতিমখানা ও বেলঘরিয়া শিশু পরিবার (বালিকা) এতিমখানায় বিতরণ করা হয়।