পাবনার ঈশ্বরদী উপজেলার জয়নগর এলাকার একটি চালকলে গতকাল শুক্রবার সকালে বয়লার বিস্ফোরণে রানু হোসেন (৩৬) নামের একজন শ্রমিক নিহত ও দুজন আহত হয়েছেন। আহত ব্যক্তিরা পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে ওই এলাকার আইকে সড়কের মারুফ আল মাহমুদের চালকলে কয়েকজন শ্রমিক ধান সিদ্ধ করছিলেন। এ সময় ধান সিদ্ধ করার বয়লারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ঘটনাস্থলেই রানু হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় অপর দুই শ্রমিক দেলোয়ার হোসেন (৪২) ও আশরাফুল ইসলামকে (৩৮) প্রথমে ঈশ্বরদী স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।