মালিকদের মধ্যে সৃষ্ট সমস্যার কারণে ‘আকিজ বিড়ি ফ্যাক্টরি লিমিটেড’ ঈশ্বরদী শাখার কারখানা গতকাল রোববার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানাটি বন্ধ ঘোষণা করায় এখানে কর্মরত প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারীর চাকরি হারানোর শঙ্কা তৈরি হয়েছে।
গতকাল দুপুরে কারখানার সামনে শ্রমিক-কর্মচারী ও তাঁদের পরিবারের সদস্যরা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। কারখানাটি পাবনার ঈশ্বরদী উপজেলার সাঁড়া ইউনিয়নের গোকুলনগর গ্রামে অবস্থিত।
শ্রমিকেরা জানান, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে কাজ করতে এসে তাঁরা দেখেন কারখানার প্রধান ফটকে তালা ঝুলছে। অফিস কক্ষও বন্ধ। কোনো দায়িত্বশীল কর্মকর্তা নেই। দুপুর সাড়ে ১২টার দিকে কারখানার দুই কর্মচারী তাঁদের জানান, মালিকদের নির্দেশে আজ (রোববার) থেকে কারখানাটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। কারখানা বন্ধের খবর ছড়িয়ে পড়লে শ্রমিক ও তাঁদের পরিবারের সদস্যরা কারখানার সামনে এসে বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা কারখানা চালুর দাবিতে মানববন্ধন করেন।
গতকাল বিকেল সাড়ে চারটায় কারখানায় গিয়ে দেখা যায়, গেটে তালা ঝুলছে। কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। এ সময় কারখানার একজন কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে নাম গোপন রাখার শর্তে তিনি বলেন, কারখানায় নিয়মিত প্রতিদিন আড়াই হাজার শ্রমিক কাজ করে। এ ছাড়া শতাধিক অনিয়মিত শ্রমিক ও ৪০ জন কর্মচারী আছে। গড়ে সপ্তাহে শ্রমিক মজুরিসহ খরচ হয় ৪৫ লাখ টাকা। এই কর্মকর্তা আরও বলেন, বেশ কিছুদিন ধরে কারখানার দুই মালিকের মধ্যে আর্থিক নানা বিষয়ে মতভেদ চলছে। একজন ব্যাংক চেকে স্বাক্ষর করলে অন্যজন করেন না। এসব কারণে শ্রমিকদের মজুরি বকেয়া পড়েছে। এ অবস্থায় মালিকদের নির্দেশে কারখানাটি গতকাল থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে। কবে চালু হবে সে বিষয়ে মালিক পক্ষ তাঁকে কিছু জানায়নি।
মুঠোফোনে কারখানার ব্যবস্থাপক আলী সাদাত খান মজলিস বলেন, ‘কারখানায় কোনো নোটিশ না দিলেও ঈশ্বরদীর কাস্টম কার্যালয়ে লিখিতভাবে আমরা কারখানাটি বন্ধ ঘোষণার কথা জানিয়েছি।’ তবে শ্রমিকদের বকেয়া প্রসঙ্গে তিনি কিছু বলতে অস্বীকৃতি জানান।