বিশ্ববিদ্যালয় পর্যায়ে শিক্ষার মান উন্নয়নে সরকার ৬৮১ কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেছে। কিছু শর্তসাপেক্ষে সরকারি ও বেসরকারি ৮১টি বিশ্ববিদ্যালয় এ অনুদান ব্যবহারের সুযোগ পাবে।গণমাধ্যমকে অবহিতকরণের লক্ষ্যে সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার আয়োজিত এক সভায় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নজরুল ইসলাম এ কথা জানান। বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে ২০০৯ সাল থেকে পাঁচ বছর মেয়াদি এ প্রকল্প শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বাস্তবায়ন করছে। সাংবাদিকদের সঙ্গে প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য মো. তাজুল ইসলাম ও এহসানুল হক আলোচনা করেন। প্রকল্প সম্পর্কিত তথ্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ওয়েবসাইটে (www.ugc.gov.bd/heqep) পাওয়া যাবে।