শেরপুর-২ (নকলা ও নালিতাবাড়ী) আসন থেকে একাদশ সংসদ নির্বাচন করতে এ কে এম মুখলেছুর রহমান রিপন নালিতাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ ছেড়ে দিয়ে গতকাল বুধবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। তিনি জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন।
এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১৪ সালের ২৩ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল হালিম উকিল ও সাবেক সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান লেবুকে পরাজিত করে বিএনপির প্রার্থী মুখলেছুর রহমান রিপন চেয়ারম্যান নির্বাচিত হন। এ আসনে একাদশ সংসদ নির্বাচন করতে বিএনপির পক্ষ থেকে মুখলেছুর রহমানসহ তিনজনকে মনোনয়নের চিঠি দেওয়া হয়। এ কারণে গত মঙ্গলবার তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন। পরে গতকাল বিকেলে তিনি জেলা প্রশাসক (ডিসি) ও রিটার্নিং কর্মকর্তা আনার কলি মাহবুবের কাছে মনোনয়নপত্র জমা দেন। এ আসন থেকে খালেদা জিয়ার উপদেষ্টা হায়দার আলী ও কেন্দ্রীয় বিএনপির সদস্য ফাহিম চৌধুরীও গতকাল সকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও জাহেদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী গত মঙ্গলবার মনোনয়নপত্র জমা দিয়েছেন।
মুখলেছুর রহমান প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার আমাকে মনোনয়নের চিঠি দেওয়া হয়েছে। তাই নিয়ম অনুযায়ী উপজেলা চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছি। গতকাল জেলা প্রশাসকের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছি। আশা করি, ঐক্যফ্রন্ট থেকে আমাকেই চূড়ান্ত প্রার্থী করা হবে।’ ইউএনও আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, চেয়ারম্যান সাহেব স্থানীয় সরকার মন্ত্রণালয়ে তাঁর পদত্যাগপত্র জমা দিয়েছেন। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন করতে গতকাল ডিসি স্যারের কাছে মনোনয়নপত্রও জমা দিয়েছেন। তাঁর ব্যবহৃত সরকারি গাড়িও তিনি ফেরত দিয়েছেন।