নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের (এইচআরডব্লিউ) বিরুদ্ধে আনা আদালত অবমাননার অভিযোগের বিষয়ে আদেশের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
বিচারপতি এম. ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ রোববার এ আদেশ দেন।
আজ ট্রাইব্যুনালে আদালত অবমাননার বিষয়ে শুনানিতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি তাপস কান্তি বল ও এইচআরডব্লিউয়ের পক্ষে আইনজীবী মো. আসাদুজ্জামান অংশ নেন। পরে ট্রাইব্যুনাল আদালত অবমাননার বিষয়ে আদেশের জন্য ১৫ জুলাই দিন ধার্য করেন।
গত বছরের ২ সেপ্টেম্বর এই ট্রাইব্যুনাল এইচআরডব্লিউয়ের পরিচালনা পর্ষদ, এশিয়া অঞ্চলের নির্বাহী পরিচালক ব্র্যাড এডামস ও সহযোগী স্টর্ম টিভকে আদালত অবমাননার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেন। গত ১৬ আগস্ট ‘বাংলাদেশ: আযম কনভিকশন বেজড অন ফ্লড প্রসিডিংস’ শীর্ষক এক বিবৃতিতে এইচআরডব্লিউ দাবি করেছিল, গোলাম আযমের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া ত্রুটিপূর্ণ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানদণ্ড মানা হয়নি। এতে রাষ্ট্রপক্ষ এইচআরডব্লিউয়ের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনলে ট্রাইব্যুনাল ওই আদেশ দেন।