চট্টগ্রাম মহানগরে মাদকদ্রব্যের হাট হিসেবে পরিচিত বরিশাল কলোনিতে গতকাল বৃহস্পতিবার বিকেলে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার এবং মাদকসেবী ও মাদক ব্যবসায়ীসহ ৩০ জনকে গ্রেপ্তার করা হয়।চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং অঞ্চলের সহকারী কমিশনার এস এম তানভীর আরাফাত প্রথম আলোকে বলেন, ‘বরিশাল কলোনি থেকে আমরা গতকাল ৩০ জনকে গ্রেপ্তার ও এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করেছি। এটি নগরের সবচেয়ে বড় মাদকের হাট। আমরা এখান থেকে মাদক ব্যবসায়ীদের উচ্ছেদে অভিযান শুরু করেছি। মাদকের হাট ধ্বংস না হওয়া পর্যন্ত অভিযান চলবে।’