বিশ্বের সবচেয়ে বড় মানবসৃষ্ট জাতীয় পতাকা তৈরি করে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে স্থান পাওয়ার পর এবার জাতীয় সংগীতেও একই ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর এ তথ্য জানিয়েছে।
এ জন্য মহান স্বাধীনতা দিবস উপলক্ষে প্যারেড স্কোয়ারে সর্বাধিক গণজমায়েত করে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত গাওয়ার পরিকল্পনা নিয়েছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ। এ উপলক্ষে সমন্বয় সভা গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সেনা, নৌ ও বিমানবাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা, বিজিএমইএর সভাপতি, বিকেএমইএ ও বিটিএমএর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।