ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে ২৮ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দিয়েছে দেশটির জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। কলকাতার নগর দায়রা আদালতে গত সোমবার এ অভিযোগপত্র দেওয়া হয়।
এর আগে গত ৩০ মার্চ ২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র পেশ করা হয়। ওই ২১ জনের মধ্যে চারজন বাংলাদেশি বলে জানায় এনআইএ। এনআইএর এসপি বিক্রম খালাটে সাংবাদিকদের বলেন, এ মামলায় ২৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে আদালতে।
এনআইএ সূত্র জানায়, এই ২৮ জনের মধ্যে ১৮ জন এখন কারাগারে। ১০ জন পলাতক। এনআইএ এ কথাও জানিয়েছে, এ মামলায় সর্বমোট ৩৭ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। নয়জনের বিরুদ্ধে এখনো অভিযোগপত্র জমা দেওয়া হয়নি। গত বছরের ২ অক্টোবর খাগড়াগড়ে বিস্ফোরণে দুজনের মৃত্যু হয়। তাঁরা হলেন শাকিল গাজি ও করিম শেখ।