নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেলে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এবং মেশিন রিডেবল ভিসার (এমআরভি) দুটি বহনযোগ্য ওয়ার্ক স্টেশন চালু করা হয়েছে। কনসাল জেনারেল মো. শামীম আহসান সম্প্রতি এ নতুন ওয়ার্ক স্টেশন দুটির উদ্বোধন করেন। খবর বাসসের।
দুটি মোবাইল ইউনিটের সংযোজন কনস্যুলেটের আওতাধীন দূরবর্তী এলাকায় (কানেকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, নিউজার্সি, রোড আইল্যান্ড ও ভারমন্ট) মেশিন রিডেবল পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। এখন থেকে দূরবর্তী অঞ্চলে বসবাসরত এমআরপি ও জন্ম নিবন্ধন নম্বর (আইবিআরএন) প্রার্থীরা ভ্রাম্যমাণ কনস্যুলার টিমের অবস্থানকালে নিজ নিজ এলাকায় ডিজিটাল ফটো ও ফিঙ্গার প্রিন্ট দিতে পারবেন। শিগগিরই আরও কয়েকটি ওয়ার্ক স্টেশন সংযুক্ত করা সম্ভব হবে বলে আশা করা যায়।