চিকিৎসার নামে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদকে আটক রাখার নিন্দা জানিয়ে অবিলম্বে তাঁর মুক্তির দাবি করেছেন বিকল্পধারার
সভাপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী।
গতকাল শনিবার এক বিবৃতিতে বি. চৌধুরী এ দাবি জানান। তিনি বলেন, আটকের বিষয়টি যদি এরশাদ ও প্রধানমন্ত্রীর যৌথ প্রযোজনায় সাজানো নাটকও হয়ে থাকে, তাহলেও এটা নিন্দনীয় এবং অগ্রহণযোগ্য।
বিবৃতিতে বি. চৌধুরী বলেন, অনেক বিষয়ে এরশাদের সঙ্গে একমত না হলেও তিনি একজন রাজনীতিবিদ এবং তাঁর জনসমর্থন ও সংসদ সদস্য রয়েছে। তিনি একতরফা নির্বাচন না করার ঘোষণা দিয়েছেন। এ অবস্থায় জবরদস্তি করে এরশাদকে সিএমএইচে ভর্তি করা শুধু গণতন্ত্রবিরোধীই নয়, সাধারণ রুচিশীল রাজনীতিরও বিরোধী। এ আচরণ আওয়ামী লীগের তথাকথিত গণতান্ত্রিক আচরণের মুখে কলঙ্ক লেপন করেছে। বিজ্ঞপ্তি।