প্রস্তাবিত বাজেট নিয়ে জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) পক্ষ থেকে দলীয় প্রধান এরশাদের প্রতিক্রিয়া জানানোর তিন দিন পর গতকাল মঙ্গলবার পৃথকভাবে প্রতিক্রিয়া জানিয়েছেন স্ত্রী রওশন এরশাদ৷ দুজনের প্রতিক্রিয়াও দুই রকম৷
কার বক্তব্য বিরোধী দলের প্রতিক্রিয়া—এ প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘তিনি সেদিন জাতীয় পার্টির চেয়ারম্যান হিসেবে বক্তব্য দিয়েছেন এবং তা তিনি দিতেই পারেন৷ আমরা কথা বললেই ভাবেন দুজন দুই দিকে৷ কেন এটা মনে করেন?’
গতকাল সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন ডেকে প্রতিক্রিয়া জানান সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ৷ তবে এ সময় দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ, মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু ও দলের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীকে দেখা যায়নি৷ রওশন বলেন, ‘অর্থমন্ত্রী অনেক সুন্দর বাজেট প্রণয়ন করেছেন৷ বাজেট নিয়ে চুলচেরা বিশ্লেষণ করে তারপর আমরা সংসদে বক্তব্য দেব৷’
দেশে সুশাসন আছে কি না—এ প্রশ্নের জবাবে রওশন বলেন, ‘আমি বলেছি, বাজেট বাস্তবায়ন করতে হলে সুশাসন নিশ্চিত করতে হবে৷ সুশাসন আছে কি না, কোথায় কী হচ্ছে, না হচ্ছে, সব জানেন৷ আপনারাই বুঝে নিন৷’
বাজেটকে স্বাগত জানাচ্ছেন, না প্রত্যাখ্যান করছেন—সাংবাদিকদের এ প্রশ্নের জবাব এড়িয়ে যান রওশন৷