ঐতিহ্য ধরে রেখেছে ময়মনসিংহের শিক্ষা প্রতিষ্ঠানগুলো

ময়মনসিংহ জেলায় এসএসসির ফলাফলে এবারও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ভালো ফলের ঐতিহ্য ধরে রেখেছে। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ এবারও ভালো ফল করে ঢাকা বোর্ডে অষ্টম ও জেলায় প্রথম স্থান অর্জন করেছে।আর ময়মনসিংহ জিলা স্কুলটি প্রতিষ্ঠার ১৫৮ বছরের মধ্যে এবারই প্রথম শতভাগ ফল লাভ করে জেলায় দ্বিতীয় ও ঢাকা বোর্ডে ১৮তম স্থান অর্জন করেছে। আর জেলার সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে এবারও জেলা সদরের বাইরে দুটি উপজেলার তিনটি শিক্ষাপ্রতিষ্ঠান জায়গা করে নিয়েছে। ময়মনসিংহে এবার এক হাজার ৭০৩ জন জিপিএ-৫ লাভ করেছে। জেলার সেরা ১০ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম স্থান অর্জনকারী ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে বিজ্ঞান বিভাগে ৪৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপিও-৫ পেয়েছে।