নারায়ণগঞ্জে খোলাবাজারে বিক্রির (ওএমএস) চাল কালোবাজারে বিক্রির সময় স্থানীয় ডিলারের কর্মচারীসহ দুজনকে হাতেনাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা।বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন-অর-রশিদ জানান, গতকাল বুধবার সকাল সাড়ে ১০টার দিকে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ডে ইসলামিয়া সুপার মার্কেটের সামনে ট্রাকে করে ওএমএসের চাল বিক্রি করছিলেন স্থানীয় ডিলার দিদার হোসেন। এ সময় বেশি দামে চার বস্তা চাল কালোবাজারে বিক্রির সময় ডিলারের কর্মচারী আমান সর্দার (৫৫) ও চাল পরিবহনে ব্যবহূত ট্রাকের চালক মো. আফসারউদ্দিনকে (২৮) আটক করে স্থানীয় জনতা। পরে তাঁদের পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকে ডিলার দিদার হোসেন পলাতক রয়েছেন।