মুন্সিগঞ্জের শ্রীনগরে ধর্ষণের শিকার এক কিশোরীর আত্মহত্যার ঘটনায় আইনের যথাযথ ধারায় ৪৮ ঘণ্টার মধ্যে মামলা করতে সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. হাবিবুল গণির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ একটি রিটের প্রাথমিক শুনানি শেষে গতকাল সোমবার অন্তর্বর্তী এ আদেশ দেন।
আদেশে শ্রীনগর থানার ওসিকে ১০ দিনের মধ্যে নির্দেশনা বাস্তবায়নের অগ্রগতি প্রতিবেদন দাখিল করতে এবং ওই ঘটনার ব্যাখ্যা জানাতে তাঁকে আগামী ২ এপ্রিল আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।