
রাজধানীর আজিমপুরে স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানার জন্য দেওয়া সরকারি জায়গায় গড়া বহুতল ভবনটি ওই এতিমখানাকে বুঝিয়ে দিতে নির্মাতা প্রতিষ্ঠান কনকর্ডকে নির্দেশ দেওয়া রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। রায় পুনর্বিবেচনা চেয়ে করা আবেদন (রিভিউ) খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ।
প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন। এখন কনকর্ডকে ১৮ তলা ওই ভবনটি সমাজকল্যাণ সচিবের মাধ্যমে ৩০ দিনের মধ্যে এতিমখানাকে বুঝিয়ে দিতে হবে বলে জানান রিট আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ।
এর আগে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কনকর্ডের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) খারিজ করে ২০১৮ সালের ১২ মার্চ রায় দেন আপিল বিভাগ। এই রায় পুনর্বিবেচনা চেয়ে পরের বছর কনকর্ড আপিল বিভাগে আবেদন করে, যা আজ খারিজ হলো।
আদালতে কনকর্ডের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও এম এ হান্নান। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। এতিমখানার পক্ষে আইনজীবী এ ওয়াই মসিউজ্জামান এবং দুজন শিক্ষার্থীর পক্ষে আইনজীবী আখতার ইমাম শুনানিতে ছিলেন।
এই সম্পত্তি হস্তান্তর নিয়ে বিভিন্ন দৈনিকে প্রতিবেদন প্রকাশের পর এতিমখানার চারজন শিক্ষার্থীর পক্ষে ২০১৩ সালে হাইকোর্টে রিট আবেদন করা হয়। এই রিটে পক্ষভুক্ত হয় এইচআরপিবি।
রিটের চূড়ান্ত শুনানি নিয়ে ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট রায় দেন। হাইকোর্টের রায়ে বলা হয়, ওই ভবন সরকারি জায়গায় করা হয়েছে, এই ভূমিসহ ওখানে থাকা সব সম্পত্তি ও স্থাপনা এতিমখানা ও এতিমদের সুবিধার্থে ও ব্যবহারের লক্ষ্যে এতিমখানার অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। রায়ের অনুলিপি পাওয়ার ৩০ দিনের মধ্যে সমাজকল্যাণ সচিবের মাধ্যমে বহুতল ভবনটি স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা অনুকূলে বুঝিয়ে দিতে কনকর্ডকে নির্দেশ দেওয়া হলো। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কনকর্ডের লিভ টু আপিল ২০১৮ সালের ১৩ মার্চ এবং আজ রিভিউ আবেদন খারিজ হলো।
আইনজীবী মনজিল মোরসেদ প্রথম আলোকে বলেন, পুনর্বিবেচনার আবেদন খারিজ হওয়ায় হাইকোর্টের রায় ও আপিল বিভাগের দেওয়া রায় বহাল থাকল। অবৈধভাবে এতিমখানার সম্পত্তি হন্তান্তর অকার্যকর হয়েছে এবং নির্মাণ করা ১৮ তলা ভবন এতিমখানার সম্পত্তি হিসেবে বিবেচিত হবে।