মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত এক বখাটেকে আটক করে এক বছরের কারাদণ্ড দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় শমশেরনগর ইউনিয়নের শঙ্করপুরে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে যাওয়ার পথে এ ঘটনা ঘটে।শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয় ও কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, শঙ্করপুর গ্রামের হোসেন খানের বখাটে ছেলে নছুর খান (২০) প্রতিদিন বিদ্যালয়গামী ছাত্রীদের উত্ত্যক্ত করতেন। গতকাল সকালে দশম শ্রেণীর ওই ছাত্রী সহপাঠীদের সঙ্গে বিদ্যালয়ে যাচ্ছিল। কারীপুর ও শঙ্করপুর গ্রামের ঈদগাহ এলাকায় নছুর খান ওই ছাত্রীর ওড়না টেনে নেন। ছাত্রীটি দৌড়ে গিয়ে প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের জানায়। এ সময় ছাত্রছাত্রীরা বখাটের বাড়ি গিয়ে তাঁকে ধরে বিদ্যালয়ে নিয়ে আসে।পরে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রকাশ কান্তি চৌধুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাজিম উদ্দীনকে নিয়ে শহীদ স্মৃতি উচ্চবিদ্যালয়ে গিয়ে বখাটে ও ছাত্রছাত্রীদের বক্তব্য শোনেন। পরে যৌন হয়রানির অভিযোগে ফৌজদারি কার্যবিধি ৫০৯ ধারায় বখাটের এক বছর বিনাশ্রম কারাদণ্ড দেন।