মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নের এক সংখ্যালঘুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়। ডাকাতদের হামলায় দুজন আহত হয়েছে। গত সোমবার দিবাগত রাত তিনটায় পতনউষার ইউনিয়নের শ্রীসূর্যগ্রামের অজিত বসুর বাড়িতে এ ডাকাতি সংঘটিত হয়।ডাকাত-আক্রান্ত সমুন বসু (২১) জানান, গতকাল মঙ্গলবার ভোর রাতে ১২ থেকে ১৪ জনের মুখোশপরা ডাকাতদল দরজা ভেঙে ঘরে ঢোকে। প্রথম অবস্থায় প্রতিরোধের চেষ্টা করলে ডাকাতদলের দা ও রডের আঘাতে তিনি ও জ্যোতিষ বসু (৪০) আহত হয়েছেন। পরে ডাকাতেরা বাড়ির লোকজনকে বেঁধে রেখে তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও একটি মুঠোফোন লুটে নেয়।শ্রীসূর্যগ্রামে ডাকাতির ঘটনা চুরির ঘটনা হিসেবে চিহ্নিত করে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবুল কালাম বলেন, শমশেরনগর পুলিশফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আয়মুছ আলী ঘটনাটি তদন্ত করে দেখছেন।