কিশোরগঞ্জের করিমগঞ্জের গুজাদিয়া বড়কান্দা গ্রামে জমিজমাসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ক্ষুদ্র ব্যবসায়ী খুন হয়েছেন। এ সময় তাঁকে বাঁচাতে গিয়ে তাঁর অন্তঃসত্ত্বা মেয়ে গুরুতর আহত হন। গতকাল বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।পুলিশ ও এলাকাবাসীর ভাষ্যমতে, বড়কান্দা গ্রামের ব্যবসায়ী শাহাবউদ্দিনের (৫৫) সঙ্গে প্রতিবেশী শহর আলীর জমি নিয়ে বিরোধ ছিল। গতকাল সকালে শাহাবউদ্দিন বিরোধপূর্ণ জমিতে কাজ করতে যান। দুপুর সাড়ে ১২টার দিকে শহর আলী ও তাঁর লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে শাহাবউদ্দিনের ওপর হামলা চালান। তাঁদের উপর্যুপরি ছুরিকাঘাতে শাহাবউদ্দিন ঘটনাস্থলেই মারা যান। এ সময় মেয়ে নিলুফা বাবাকে বাঁচাতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়। নিলুফাকে জেলার ২৫০ শয্যার আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।