করোনায় গণস্বাস্থ্যের চিকিৎসক নাজিব মোহাম্মদের মৃত্যু

ডা. নাজিব মোহাম্মদ
ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য নগর হাসপাতালের নিবিড় পরিচর্যা ইউনিটের (আইসিইউ) বিভাগীয় প্রধান নাজিব মোহাম্মদ (৬৬) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ সোমবার বেলা ১১টা ২০ মিনিটে তিনি মারা যান।

করোনাজনিত জটিল নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন অধ্যাপক নাজিব।

নাজিব মোহাম্মদের মৃত্যুতে শোক জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, এই মৃত্যুতে দেশের আইসিইউ চিকিৎসাসেবার অপূরণীয় ক্ষতি হয়ে গেল।

নাজিব মোহাম্মদ সৌদি আরবের কিং ফয়সল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আইসিইউ বিভাগে দীর্ঘদিন চাকরি করেছেন।

বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) তথ্য অনুযায়ী, দেশে করোনা সংক্রমণের পর থেকে আজ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ১৭২ জন চিকিৎসক মারা গেছেন। আর আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৮০ জন।