পটুয়াখালী-৪ আসন

কলাপাড়ায় বিএনপির প্রার্থী মোশাররফ হোসেন

পটুয়াখালী–৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি থেকে দলীয় মনোনয়ন পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি এ বি এম মোশাররফ হোসেন। গতকাল সোমবার দুপুরের পর বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয় থেকে মনোনয়নের চিঠি তিনি হাতে পান।

বিএনপি সূত্রে জানা গেছে, মোশাররফ হোসেন ছাড়াও এই আসনের জন্য স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহসাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক গাজী গোলাম সরোয়ার মনোনয়ন চেয়েছিলেন।

উপজেলা বিএনপি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় এ বি এম মোশাররফ হোসেন ঢাকা থেকে কলাপাড়ায় ফিরবেন। বিএনপির প্রার্থীকে বরণ করে নেওয়ার জন্য উপজেলার ১২টি ইউনিয়ন এবং ২টি পৌরসভা থেকে দলের কর্মী-সমর্থকেরা কেন্দ্রীয় বাস টার্মিনালে জড়ো হবেন। এখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বরণ করা হবে। এরপর নেতা-কর্মীরা বিএনপির প্রার্থীকে নিয়ে নতুন বাজার এলাকায় দলীয় কার্যালয়ে যাবেন। সেখানে দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়েছে।

কলাপাড়া পৌর বিএনপির সভাপতি নুর বাহাদুর বলেন, ‘হামলা-মামলা মোকাবিলা করেই আমরা পথ চলেছি।’

এ বি এম মোশাররফ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্‌দীন হল ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক ছিলেন। পরে তিনি ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এবং ছাত্ররাজনীতির একেবারে শেষ সময় এসে ছাত্রদলের প্রথম যুগ্ম আহ্বায়ক ছিলেন। ২০০৮ সালের নবম সংসদ নির্বাচনে তিনি এই আসনে বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন।