কসবায় আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের শিমরাইল গ্রামে আগুনে পুড়ে ভাইবোনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত তাদের বাবা এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, শিমরাইল গ্রামের কৃষক কবির হোসেনের ঘরে তাঁর মেয়ে রোজিনা আক্তার ডিজেলভর্তি কনটেইনার থেকে আগুনের কুপিতে ডিজেল ঢুকাচ্ছিল। এ সময় আগুন লেগে কবির হোসেন (৫৫), তাঁর মেয়ে রোজিনা আক্তার (২৪) ও ছেলে কালু মিয়া গুরুতর আহত হন। আহতাবস্থায় তাঁদের রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে গতকাল মঙ্গলবার সকালে কালু মিয়া ও রোজিনা আক্তার মারা যান।