বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলাকালে বিদ্যুৎ না থাকায় উত্তেজিত জনতা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় পল্লী বিদ্যুৎ সমিতির আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন। গতকাল বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় সূত্রে জানা গেছে, কসবা পৌর এলাকার তালতলা ও আশপাশের কয়েক গ্রামের লোকজন লোডশেডিংয়ের কারণে গত বুধবার রাতে আর্জেন্টিনা ও নেদারল্যান্ডসের মধ্যে অনুষ্ঠিত সেমিফাইনাল খেলা পুরোপুরি দেখতে পারেননি। এ ঘটনায় গতকাল সকাল পৌনে ছয়টার দিকে তালতলা এলাকার ৫০-৬০ জন বিদ্যুৎগ্রাহক উপজেলার খাড়েরা এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক আঞ্চলিক কার্যালয়ে হামলা চালিয়ে দুটি আবাসিক ভবন এবং পিকআপের কাচ ভাঙচুর করেন। এ সময় কর্তব্যরত আনসার সদস্য ফারুক মিয়া ও আব্বাস আলী গুরুতর আহত হন।
এ ঘটনায় গতকাল ব্রাহ্মণবাড়িয়া পল্লী বিদ্যুৎ সমিতির কসবা আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. মুকবুল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।