কাঁকড়া ধরতে গিয়ে সুন্দরবনে বাঘের আক্রমণে আমীর আলী গাজী নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার কৈখালী স্টেশনের বয়ারসিং খালের নেবুবুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। আমীরের বাড়ি কৈখালী গ্রামে।একই গ্রামের হাসান গাজী, মোশারফ গাজী ও তোতা গাজী প্রথম আলোকে বলেন, গতকাল সকাল নয়টার দিকে আমীর আলীসহ তাঁরা সুন্দরবনে ঢোকেন। নেবুবুনিয়া এলাকায় খালের ধারে কাঁকড়া ধরার একপর্যায়ে বাঘটি আমীরের (৩৫) ওপর হামলে পড়ে। এ সময় তাঁরা নৌকার বৈঠা, লাঠি ও দা নিয়ে বাঘটিকে প্রতিহত করার চেষ্টা চালান। কিন্তু বাঘটি আমীরের ঘাড় কামড়ে ধরে বনের ভেতর চলে যায়। পরে একদল গ্রামবাসী এসে দুপুর একটার দিকে আমীরের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।