জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের নবম সাক্ষী আমির হোসেন মোল্লাকে গতকাল রোববার জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী আবদুস সোবহান তরফদার।বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ গতকাল এই জেরা হয়। এ সময় আসামির কাঠগড়ায় কাদের মোল্লা উপস্থিত ছিলেন।সাক্ষীর (আমির হোসেন মোল্লা) এলাকায় মোল্লা বাহিনী নামে একটি বাহিনী আছে এবং এলাকার মানুষ তাঁকে লাটভাই নামে চেনেন, এ কথা সঠিক কি না—আইনজীবীর এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, এটি সত্য নয়। আইনজীবী ২০০১ সালের ডিসেম্বরে দৈনিক ইনকিলাব-এ প্রকাশিত দুটি প্রতিবেদন দেখিয়ে বলেন, প্রতিবেদন দুটির একটির শিরোনাম হলো ‘অবশেষে গ্রেপ্তার হলেন পল্লবীর লাটভাই আমির হোসেন মোল্লা।’ প্রতিবেদনে বলা হয়েছে, আমির হোসেন মোল্লা একজন চাঁদাবাজ ও সন্ত্রাসী। সাক্ষী বলেন, এটি সাজানো প্রতিবেদন।পরে আমির হোসেন মোল্লার জেরা অসমাপ্ত অবস্থায় মামলার কার্যক্রম আজ সোমবার পর্যন্ত মুলতবি করেন ট্রাইব্যুনাল।