সুনামগঞ্জের ধরমপাশা উপজেলায় এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে একই বিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে গত শুক্রবার বিকেলে সালিস বৈঠকে কান ধরে ওঠবস করানো হয়েছে।সংশ্লিষ্ট বিদ্যালয় ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে এসএসসি পরীক্ষার্থী রাকিবুল হাসান ও দশম শ্রেণীর ছাত্র রাব্বী মিয়া একই বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্ত্যক্ত করে আসছিল। ছাত্রীটির অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে শুক্রবার বিকেল তিনটায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এ নিয়ে এক সালিস বৈঠক বসে। সালিসে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজন উত্ত্যক্তকারীকে কান ধরে ওঠবস করানো হয়। এ সময় তারা ভবিষ্যতে এমন কাজ করবে না বলে উপস্থিত লোকজনের কাছে হাত জোড় করে ক্ষমা চায় এবং এ মর্মে অভিভাবকদের কাছ থেকে অঙ্গীকারনামা রাখা হয়েছে।