গাজীপুরের কাপাসিয়ায় সমাজসেবা বিভাগের উদ্যোগে আর্থসামাজিক উন্নয়ন স্কিমের আওতায় গতকাল মঙ্গলবার প্রায় ২০ লাখ টাকা সুদমুক্ত ও জামানতবিহীন ঋণ বিতরণ করা হয়েছে। মাসিক শতকরা ১০ টাকা সার্ভিস চার্জসহ ১০টি মাসিক কিস্তিতে এ টাকা পরিশোধ করতে হবে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা এ টি এম তৌহিদুজ্জামান বলেন, উপজেলার সিংহশ্রী ইউনিয়নের ভিটিপাড়া, বারিষাব ইউনিয়নের ডাওড়া, সনমানিয়ার আড়াল, চাঁদপুরের কাজাহাজি, দুর্গাপুরের রাওনাট ও পঞ্চায়েত গ্রামের ৩৩ জনকে সমাজসেবার আর্থসামাজিক উন্নয়ন প্রকল্পের মূল টাকা থেকে ৬ লাখ ৫০ হাজার টাকা সুদমুক্ত ঋণ দেওয়া হয়।
ঋণ বিতরণের সময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুজ্জামান, ফিল্ড সুপারভাইজার সিরাজ উদ্দিন মোল্লা, ইউনিয়ন সমাজকর্মী হালিমা বেগমসহ কার্যালয়ের অন্য কর্মকর্তা-কর্মচারী, ঋণগ্রহীতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।