গাজীপুরের টঙ্গীর গাজীপুরা এলাকায় মহাসড়কে গতকাল সোমবার একটি কাভার্ড ভ্যানের ধাক্কায় টেম্পো উল্টে দুই পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।
আহত সদস্যরা হলেন টঙ্গী মডেল থানার হাবিলদার মো. তাজুল ইসলাম (৫২) ও কনস্টেবল রেফায়েত উল্লাহ (৫৫)।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল ভোর সাড়ে চারটার দিকে টঙ্গী মডেল থানার পুলিশের চার সদস্য ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টহল দিচ্ছিলেন। এ সময় গাজীপুরা এলাকায় ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান তাঁদের বহনকারী টেম্পোকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে টেম্পো উল্টে তাজুল ও রেফায়েত গুরুতর আহত হন। সহকর্মীরা তাঁদের প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে যান। পরে তাজুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও রেফায়েত উল্লাহকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন টঙ্গী মডেল থানার ওসি মো. ইসমাইল হোসেন।