
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ট্রাকচাপায় সাহেব আলী (৫৫) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার ভদ্রঘাট কুটিরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাহেব আলী সলঙ্গা থানার পূর্ব মাথুয়াপুর এলাকার মৃত আবদুর রহমানের ছেলে।
কামারখন্দ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) পলাশ চন্দ্র দেব দুর্ঘটনার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপত্তাপ্রাচীর তৈরির কাজ করছিলেন শ্রমিক সাহেব আলী। কোনো প্রয়োজনে রাস্তা পার হওয়ার সময় বালু বহনকারী একটি ট্রাক তাঁকে চাপা দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পলাশ চন্দ্র দেব জানান, নিহত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।