কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গত সোমবার রাতে গাঁজা বিক্রির দায়ে হানিফ মিয়া (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম ও ইউএনও মুহাম্মদ আরিফুল ইসলাম। সাজাপ্রাপ্ত ব্যক্তিকে গতকাল মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া জেলহাজতে পাঠানো হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে হানিফ কসবা পুরাতন বাজারে ফেরি করে গাঁজা বিক্রি করছিলেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ তাঁকে ইউএনওর কাছে নিয়ে গেলে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।