সরকারি কাজে বাধা দেওয়ায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল মঙ্গলবার দুপুরে আবদুল হান্নান (৬০) নামের এক ব্যক্তিকে তিন দিনের কারাদণ্ড দিয়েছেন। হান্নানের বাড়ি উপজেলার টিলাগাঁও ইউনিয়নের কটারকোনা এলাকায়। আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, হান্নান কয়েক দিন ধরে বাড়ির পাশের মনু নদের বাঁধের মাটি কেটে বসতভিটায় ফেলছিলেন। খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম নাজমা আশরাফীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের একটি দল দুপুরে সেখানে অভিযান চালায়। এ সময় আদালতের কাজে তিনি বাধা দেন। এতে আদালত তাঁকে ওই সাজা দেন। কুলাউড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওয়াসীম জানান, সাজাপ্রাপ্ত ব্যক্তিকে মৌলভীবাজার কারাগারে পাঠানো হয়েছে।