কারাদণ্ড

কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পচা খেজুর সংরক্ষণ ও বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত সোমবার রাতে জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী হাকিম এস এম জামাল আহমেদ এই দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীর নাম মুক্তার হোসেন (৩৮)। ভ্রাম্যমাণ আদালত ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই এলাকার একটি আবাসিক হোটেলের নিচতলায় একটি দোকানে পচা খেজুর বিক্রি করা হচ্ছে, এমন খবর পেয়ে সোমবার কুষ্টিয়া মডেল থানার পুলিশ অভিযান চালায়। এ সময় ৪০ বস্তা পচা খেজুরসহ হাতেনাতে দোকানের মালিক মুক্তারকে আটক করা হয়।