সিরাজগঞ্জের তাড়াশে বাল্যবিবাহ দেওয়ার সময় কনের চাচা মোজাফ্ফর আহমেদকে ভ্রাম্যমাণ আদালত সাত দিনের কারাদণ্ড দিয়েছেন। গত বুধবার সন্ধ্যায় আদালতের বিচারক তাড়াশের ইউএনও জিল্লুর রহমান এ সাজা দেন। তাড়াশ থানার ওসি এ টি এম আমিনুল ইসলাম বলেন, বুধবার উপজেলার তালম ইউনিয়নের গোন্তা গ্রামের মজিবর রহমানের মেয়ে পাড়িল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন চলছিল। বিষয়টি জেনে ইউএনও পুলিশ নিয়ে বিয়েবাড়িতে যান। এ সময় বরপক্ষ ও মেয়ের মা-বাবা পালিয়ে যান। মেয়ের চাচা মোজাফ্ফর আহমেদ উপস্থিত থাকায় তাঁকে আটক করা হয়।