প্যাথেডিন ইনজেকশন বিক্রির দায়ে মানিকগঞ্জের ঘিওর উপজেলায় রাজু আহমেদ (৪৮) নামের এক ব্যক্তিকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল দুপুরে ইউএনও মুহম্মদ শাহাদাত খন্দকার পরিচালিত আদালত এ সাজা দেন। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে ঘিওরের উত্তর তরা গ্রামের রাজু প্যাথেডিন বিক্রি করে আসছিলেন। গতকাল বেলা একটার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে ঘিওরের তরা সেতুর পশ্চিম পাশে অভিযান চালান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লোকজন। এ সময় রাজুকে আটক করে তল্লাশি করা হলে তাঁর কাছে ৩০টি প্যাথেডিন ইনজেকশন পাওয়া যায়।