চট্টগ্রামে সোনা চোরাচালানের মামলায় এক ব্যক্তিকে পাঁচ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর এ রায় দেন। আসামির নাম নুরুল আবছার। চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ২০১৪ সালের ১ জানুয়ারি চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ওমান থেকে আসা যাত্রী নুরুল আবছারের কাছ থেকে আটটি সোনার বার উদ্ধার করা হয়। এ ঘটনায় পতেঙ্গা থানায় মামলা হয়। ছয়জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এই রায় দেন। রায় ঘোষণার পর আসামি আবছারকে কারাগারে পাঠানো হয়।