মাদারীপুরের কালকিনি উপজেলায় ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ারম্যান পদপ্রার্থী এবং ছাত্রলীগের এক নেতাকে কুপিয়ে জখম করেছে একদল সন্ত্রাসী। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন গোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী শাহজালাল হাওলাদার ও তাঁর বন্ধু ছাত্রলীগের একই ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।কালকিনি থানা ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১২টায় পুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে ৮-১০ জন মুখোশধারী সন্ত্রাসী তাঁদের ওপর হামলা চালায়।কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম শাহীন মণ্ডল বলেন, ‘ঘটনাটি আমরা জেনেছি। আহত ব্যক্তিরা কারও নাম বলতে পারেনি। তদন্ত করে এ ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করার চেষ্টা করছি।’